জলের তলায় তোমার বসত
কচুরিপানা জীবন
শ্যাওলা হয়ে ভাসব আমি
অদ্য হতে মরণ।
শাপলাগুলো লালচে সাদা
নীলচে এথায় হেথায়
কলমীলতা, জলের পোকা
খেলছে আজি যেথায়।
পাড় বাঁধানো ছোট্ট পুকুর
সবুজ রঙের জল
চাঁদের আলো ঝরে পড়ে
করছে জ্বলজ্বল।
তোমার আমার দেখা হলো
শানবাঁধানো ঘাটে
নৌকার গুলুই জল ছুঁয়েছে
ছলকে উঠে কাঠে।
আজ হউক বা কাল হউক
হবেই কোন কালে
তোমার আমার স্বপ্নপুরণ
প্রদীপ রেখেছি জেলে।
(Visited 1 times, 1 visits today)