ওলট পালট ভাবনাগুলো

এভাবেই দিন যদি যায় চলে যাক না
নিয়মের খাতা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে
শাসন, বারন অবিরাম অবাধ্যতা
মনের দেয়ালে ইচ্ছে মত আঁকিবুঁকি
খুনসুটি আর আনমনা মেঘ বড় বেশি এলোমেলো।
জীবনের নিয়মে আর চাকা নাইবা ঘুরলো
নিজের পৃথিবী নিজের হাতে যদি গড়তে পারি,
ক্ষতি কি আছে কোন নিয়মের বেড়াজালে?
সকালের রোদ্দুরে যদি তেজ না থাকে
চাঁদের আলোয় কিই বা আসে যায়?
সবুজ মাঠের সবুজ রং যদি ফ্যাঁকাসে হয়
পাখি হয়ত বা আর নাইবা গায়।
দিন থেকে রাত হবে না আর
রাত জুড়ে সব তোমার স্মৃতি।
রাত হয়ত ভোর দেখে না
তুমিময় এই জীবন আমার।
এভাবেই চাই নিজের একটা জগত
আপন হাতে তোমায় নিয়ে,
একা একা বড্ড একা, তুমি আর আমি মিলে
ওলট পালট ভাবনাগুলো,
সব মিলিয়ে রং সাজিয়ে একটা নতুন পৃথিবী।

(Visited 1 times, 1 visits today)