প্রিয় বাবা,
আজ তোমাকে নিয়ে কিছু কথা লিখবো, সন্তান হিসাবে আজ অব্দি হয়ত কিছুই করতে পারিনি তোমার জন্য তবুও তোমার প্রতি আমার উপলব্দিটুকু আজ জানাবো।
দুই অক্ষরের সবচেয়ে সুন্দর শব্দ কি? প্রায় শতভাগ মানুষের জবাব হতে পারে শব্দটি “বাবা”। বাবা একজন মানুষ, যে মানুষটি সংসারে সব থেকে অবহেলিত একজন মানুষ। এই অবহেলার জন্য অবশ্য তুমি নিজেই বেশি দায়ী। তার কয়েকটা কারন বলি –
১। তোমার সব মিলিয়ে ৪ কি ৫টি জামা আছে যা আমরা প্রায় যুগের পর যুগ ধরে দেখে আসছি।
২। তোমার তেমন অসুখ বিসুখ হয়না, খুব বড়জোর ২ – ১টি নাপা আর না হয় হিস্টাসিন খেয়েই যুগের পর যুগ কাটিয়ে দিয়েছো।
৩। তোমার প্রায় প্রতিটা জুতাই খুব দৈন্যদশায় ভরা, একই জুতাতে অন্তত হাজার বার মুচির নিপুণ সুইয়ের আঁচর আর পেরেক ঠুকা হয়েছে।
৪। তোমাকে কখনই দেখিনি মুরগীর রান বা মাছের মাথাটা খেতে।
৫। দেখিনি নিজের জন্য কোন বাৎসরিক বাজেট রাখতে আর দেখিনি কখনো তোমাকে মানি ব্যাগ ব্যবহার করতে।
এগুলো একান্তই নিজের ইচ্ছেতে এই অবহেলাগুলো বরণ করে নিয়েছো আর হয়ে গেছো নিজের অজান্তে সংসারের সব থেকে অবহেলিত একজন মানুষ। তবে মনে হয় এই অবহেলা বরন করে নিতে তোমার খুব একটা খারাপ লাগনি।
আমার সব সময় মনে হয়েছে একজন বাবা অনায়াসে, কোন প্রযুক্তি, অর্থ সচিব বা অর্থনৈতিক বোদ্ধাদের ছাড়াই একটা বিশাল বাজেট করে ফেলতে পারবেন। কারন বেতন পাবার পর তুমি যেভাবে তোমার বেতনের সুষ্ঠ ও সুষম বন্টন করেতে তাতে আমার মনে হয় কোন অর্থ পণ্ডিতেরও ক্ষমতা নেই এই দক্ষতা অর্জনের। তোমার পকেটে প্রায় দেখেছি অনেকগুলো ছোট ছোট কাগজ, যাতে লেখা ছিলো কোথায় কত টাকা খরচ হবে তার হিসেব। তোমাকে দেখেছি কি করে অল্প কটা টাকা দিয়ে একটা সংসার চালিয়ে নিতে হয় মাসের পর মাস।
দুঃখ মিশ্রিত মজার ঘটনা হলো তুমি ব্যবহার করো একদম সস্তা বোতামওয়ালা ফোন আর আমি অনেক দামী আর আধুনিক স্পর্শ ফোন। মাঝে মাঝে খুব অস্বস্থি হয় কেন তুমি একটু স্মার্ট হতে পারলে না? তাইলেতো এমন অস্বস্থি হতো না। আচ্ছা বাবারা কেন এমন আনস্মার্ট হন এর কিছু কারন আমি খুঁজে বের করেছি দেখোতো মিলে কিনা?
সংসারের ছেলে বা মেয়ে যখন বাবাকে বলে “বাবা এই মাসে কিন্তু আমাকে একটা ফোন কিনে দিতে হবে, আইফোন ৬ প্লাস, কিন্তু”। তাতে করে বাবার মুখে হয়ত হাসি মুছে যায়না কিন্তু তাই বলে যে স্পষ্টত এক চিন্তার রেখা তার মুখে ফুটে উঠে তা কেউ টের না পেলেও বাবার চিরসঙ্গী “মা” কিন্তু ঠিকই টের পেয়ে যান। তাই বাবা তার খুব দরকারি প্যান্ট বা শার্টটা কেনার চিন্তাটা বাদ দিয়ে দেন। হয়ত চশমার ফ্রেমটা অনেকদিন ধরেই ভাঙা কিন্তু সুপার গ্লু দিয়ে ঠিকই বাবা দিনের পর দিন চালিয়ে নিচ্ছেন। আর আবদার মেটাতে মাসের বাজেটে আবার কাটাকুটি করতে বসেন। তাই বাবারা আর স্মার্ট হতে পারেন না।
তোমাকে একটা নিষ্ঠুর ঘটনা বলি:
কিছুদিন আগের একটি ঘটনা এমন ছিল, ছেলে বাবাকে মোটর বাইক কিনে দিতে বলেছিল কিন্তু বাবার সামর্থ্যে কুলোয়নি বলে দিতে পারেনি তাতে করে বাবার সবচেয়ে আদরের ছেলেটি বাবার গায়ে আগুন ধরিয়ে মেরেই ফেললো। কি ভয়ংকর তাই না বাবা?
কিন্তু তবুও কি তুমি স্মার্ট না? আমার জন্মের পর বোঝার ক্ষমতা হয়েছে যে দিন থেকে সেই দিন থেকে এই মানুষটিকেই আমি আদর্শ হিসেবে পেয়েছি। তাইলে কি আমার বাবা স্মার্ট না? আমার বাবা খুব সৃজনশীল মানুষ। ছোট বেলায় আমাকে ভাত খাইয়ে দিতেন খুব ভিন্ন একটা পদ্ধতিতে। আমার তখন খুব ইচ্ছে হতো বাঘ, ভালুক, হাতি, হরিন এই সবগুলোকে গোগ্রাসে খেয়ে ফেলতে। বাবা আমাকে ভাত তরকারী দিয়ে প্রতীকী বাঘ হরিন বানিয়ে দিতেন আর বলতেন আগে কোনটা খাবি? আমি মহা উৎসাহে বাঘ দিয়েই ভোজন শুরু করতাম।
তুমি হচ্ছো আমার আস্থার অপর নাম। যত বড় ঘটনা দুর্ঘটনাই ঘটিয়ে আসতাম না কেন একটুও ভয় পেতাম না কারন ঐ যে তুমি আছো তুমি সব সামলে নিবে।
আমার মনেহয় পৃথিবীতে স্রষ্ঠার পর সব থেকে বেশি আবদার শুনতে হয় এই বাবাকেই। আর প্রত্যেকটা আবদারই বাবা পূরণ করে যান ধ্যান জ্ঞান এক করে নিঃস্বার্থ ভাবে। তাই বাবারা স্মার্টই হন।
মিথ্যে বলবো না, বাবার পকেট থেকে টাকা চুরি করেনি এমন সন্তান খুব কম আছে। আমিও ব্যতিক্রম নয়। জানি তুমি সবই বুঝতে। তবে জানো বাবা যারা এই চুরি করেছে তারাই জানে এই চুরিতে কত সুখ ছিল আর কত রোমাঞ্চকর ছিল সেই চুরি করার মিশন।
বাবার হাতে মার না খাওয়া একজন অভাগা আমি, খুব অভিমান হয় এখন কেন যে তুমি আমাকে একদিনও গায়ে হাত তোলেনি? বাবার হাত ধরে, কাঁধে চড়ে কোথাও ঘুরতে যাবার অভিজ্ঞতা হয়নি এমন একজন মানুষও পাওয়া যাবে না। আমিও গেছি, নিয়ে গিয়েছো। তাই তুমি এমন একজন মানুষ যিনি একাধারে একজন স্মার্ট, সৃজনশীল, আস্থাশীল, নিঃস্বার্থ, অনুকরণীয় আর সৎ মানুষ।
যতদিন তুমি বেঁচে আছো মাথার উপর বট গাছটির হয়ত মুল্য বোঝা যাবে না কিন্তু যাদের বাবা নেই তারা জানে এই বটগাছটি কত অমূল্য। বাবা না থাকার কষ্ট ক্ষণে ক্ষণে বুকের কোন এক কোনে চিনেচিনে ব্যাথা অনুভুত হয় সেই মানুষটির, যার বাবা এই পৃথিবীতে নেই। খুব ইচ্ছে হলেও আর বাবার আঙ্গুল চেপে ধরতে পারেন না একটিবার। হাতটা ধরে বলতে পারেন না “বাবাগো তোমাকে আমি ভালোবাসি”। তাই হয়ত কোন এক রাতে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে হয় বাবা একটা বার ফিরে আসো, কতদিন দেখিনা তোমায়। এই একটা সময়ে মনেহয় ঈশ্বর বড্ড নিষ্ঠুর বড্ড কঠিন।
ভালোবাসি বাবা তোমাকে। ভালো থাকুক সকল বাবা, চিরদিন বেঁচে থাকুক সকল সন্তানের হৃদয়ে।
ইতি
তোমার সন্তান
তপু সৌমেন