বুক পকেটে

বুক পকেটে একটা খাম রেখেছি
টকটকে লাল রঙের তোমার গন্ধ মুড়িয়ে।
যত্ন করে কবিতার শব্দ সাজিয়েছি,
পংক্তি গুলো গুছিয়ে রেখেছি,
আলতো স্পর্শে অক্ষরগুলো এঁকেছি।
মাঝ রাত্রিরে চাঁদের আলোয়
আমার স্বপ্নগুলো জোনাকির আলোয়
ছড়িয়ে দিয়েছি একফালি কাগজে।
সন্ধ্যা তারা বিলীন হলো বলে
তোমাকে আপন করে পেয়েছি,
খুঁজে পেয়েছি ভালোলাগার যুক্তি,
যা আজ তোমাকে বলতে চাই।
অনেক দিনের ইচ্ছেরা হামাগুড়ি দিচ্ছে।
তোমার স্পর্শে হাঁটতে শিখবে বলে।
আজ আমি লিখেছি তোমাকে দেবো বলে,
আমার ভালোবাসার কথা।

(Visited 1 times, 1 visits today)