তুই বৃষ্টি হলেও পারতিস
আমি জল ছুঁই ছুঁই,
চোখের কোনে কান্না লুকিয়ে
গল্প গুলো গড়তিস।
ছুঁতে গিয়েও আড়ষ্টতায়
নিজকে লুকিয়ে রাখতাম,
আপন মনে বাগান গড়ে
পাখ পাখালি পুষতাম।
সব থেকে লাল গোলাপটাকে
আলগোছে তুলে রাখতাম,
তোর সামনে হৃদয়ের সাথে
গোলাপটাও ধরতাম।
ইচ্ছেমত আকাশজুড়ে
রঙিন ঘুড়ি ছাড়তাম,
ভোকাট্টা ঘুড়িগুলো জমিয়ে আমি
তোর জন্যই নিতাম।
চাঁদের আলোয় উঠোনটাকে
সাজিয়ে গুছিয়ে রাখতাম,
জোনাক পোকার আলো দিয়ে
তোর টিপটাই আঁকতাম।
সাদা মেঘের ভেলায় চড়ে
কল্পলোকে ছুটতাম,
ইচ্ছে হলেই যখন খুশি
তোকেই আমি দেখতাম।
(Visited 4 times, 1 visits today)